খোয়া গেছে হুইপসহ ৭ জনের মোবাইল

১৮ জানুয়ারি, ২০২২ ২১:০৭  
বাবার নামাজে জানাজাতে থেকে নিজের স্মার্টফোন খুইয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এসময় তার বাবা শরীফ উদ্দীন মন্ডলের জানাজায় অংশ নেয়া আরো ছয় জনের স্মার্টফোন হাতিয়ে নিয়েছে চোর চক্র। অন্য যাদের ফোন খুইয়েছেন  তাদের মধ্যে রয়েছেন দিনাজপুরের হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলার কুসুম্বা ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জিহাদ মন্ডল, আস্থা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সবুজ মন্ডলও। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব। তিনি জানিয়েছেন, হুইপ মহোদয়ের একটি মোবাইলসহ সাতজনের স্মার্টফোন হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। জানাজায় হাজার হাজার মানুষের ভিড়ে পুলিশের নিরাপত্তার মধ্যেই কৌশলে স্মার্টফোন হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। স্মার্টফোনগুলো উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালের দিকে জয়পুরহাটের পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই চুরির ঘটনা ঘটে।